বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর একাডেমিক স্বীকৃতি পেয়েছে মহেশখালীর ফুটবল সংগঠন কালারমারছড়া ফুটবল একাডেমি।
বাফুফের টেকনিক্যাল বিভাগের প্রশাসক মাহবুব আলম ফলো গত শুক্রবার এই স্বীকৃতি সনদ একাডেমি সংশ্লিষ্টদের হাতে তুলে দেন। এ উপলক্ষে কালারমারছড়া মাঠে অনুষ্ঠিত হয় আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও কক্সবাজার খেলোয়াড় সমিতির সভাপতি তৌহিদুল আলম সবুজ, জেলা খেলোয়াড় সমিতির সাবেক সভাপতি ও ক্রিড়া সংগঠক ইকবাল মো. শামসুল হুদা টাইটেল, জেলা ফুটবল দলের প্রধান কোচ মাসুদ আলম, কক্সবাজার খেলোয়াড় সমিতির সাধারণ সম্পাদক ইসমাঈল জাহেদ। রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন আ.স.ম জাহেদুল হক নাহিদ, কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়নের চেয়ারম্যান আ.ন.ম শহিদ উদ্দিন ছোটন, জিয়াউর রহমান মাতবর, তারেক রহমান জুয়েল, ওমর ফারুক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কালারমারছড়া ফুটবল একাডেমির পরিচালক ফুটবলার মতিউর রহমান।
এসময় মাসুদ আলম বলেন ‘এই একাডেমিকে স্বীকৃতির পাশাপাশি বাফুফের প্রশিক্ষিত কোচ নিয়োগ দিতে হবে। তাহলেই প্রান্তিক এলাকার কিশোর, তরুণ, উদ্যমী ফুটবলাররা প্রকৃত পক্ষে উপকৃত হবেন। এখানে অনেক জাতীয়মানের ফুটবলার সৃষ্টি হবে।’
প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আ.স.ম জাহেদুল হক নাহিদ প্রতিশ্রুতি দিয়ে বলেন ‘শুধু কালারমারছড়া ফুটবল একাডেমি নয়, মহেশখালীতে ক্রিড়ার উন্নতির জন্য যা হবে সবকিছুর সাথে তিনি যুক্ত থাকবেন।’
সভাপতির বক্তব্যে মতিউর রহমান আবেগাপ্লুত কন্ঠে বলেন ‘২০২০ সালে প্রতিষ্ঠিত এই একাডেমি নানা চড়াই উতরাই পার করে এই পর্যন্ত এসেছে। এসময় তিনি একাডেমির সাথে সংশ্লিষ্ট বেলাল উদ্দিন সোহাগ, মোহাম্মদ সাইফুল, ওমর ফারুক, মোহাম্মদ আলমগীর, আরিফ মাহামুদ, মোহাম্মদ জামাল, মোহাম্মদ আলী, মোহাম্মদ আশেক, মাহমুদুল হাসানসহ অনেকের কথা স্মরণ করেন।
মহেশখালীর সাবেক ফুটবলার নুরুল হক মেহেদী বলেন, কোনো কাজের স্বীকৃতি সে কাজকে বহুগুণ এগিয়ে নিয়ে যায় এবং কাজের গতি পরিবর্তন করে। কালারমারছড়া ফুটবল একাডেমির এই স্বীকৃতিও একাডেমিকে এগিয়ে নিয়ে যাবে এবং কালারমারছড়া তথা মহেশখালী থেকে জাতীয়মানের ফুটবলার সৃষ্টিতে ভূমিকা রাখবে।
এসময় কালারমারছড়া ফুটবল একাডেমির সাথে কুতুবদিয়া ক্রীড়াঙ্গন ফুটবল একাডেমিকেও বাফুফের একাডেমিক স্বীকৃতি প্রদান করা হয়। পরে উভয় একাডেমির ফুটবলারদের মধ্যে অনুষ্ঠিত হয় এক প্রীতি ফুটবল ম্যাচ।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) স্বীকৃত সারাদেশে প্রায় ৩২১ টি ফুটবল একাডেমির স্বীকৃতি প্রক্রিয়াধীন রয়েছে। ২০২৫ সালে এই একাডেমিক স্বীকৃতির সংখ্যা ছিলো ২৮৫ টি।
কাব্য সৌরভ 






















