পেকুয়ায় বিক্রির উদ্দেশে মাছে ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক প্রয়োগের অপরাধে মো. কায়ছার (৩৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।
আটককৃত কায়ছার পেকুয়া পৌরসভার সদর বাইম্যাখালী এলাকার কালু মিয়ার ছেলে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক মিশিয়ে মাছ বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পেকুয়া বাজারে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় মোঃ কাইছারকে হাতেনাতে আটক করা হয়। উক্ত অভিযানে যৌথভাবে নেতৃত্ব দেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা মৎস্য কর্মকর্তা।
পেকুয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, মানবদেহের জন্য ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে মাছ বিক্রি করা মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ আইন, ২০২০-এর ৩০ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনা করে অপরাধীর বিরুদ্ধে উক্ত আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হবে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহদী হাসান জানান, আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পেকুয়া প্রতিনিধি: 

















