টেকনাফের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ , একটি জি-থ্রি রাইফেল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার ভোরে উপজেলার সাবরাং ডেইলপাড়া এলাকায় টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, ডেইলপাড়া-মুন্ডার ডেইল সড়ক দিয়ে মাদক ও অস্ত্রের একটি বড় চালান পাচার হতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয় বিজিবি। ভোর আনুমানিক চারটার দিকে সাবরাং বাজার থেকে একটি ইজিবাইক মেরিন ড্রাইভের দিকে যাওয়ার সময় বিজিবির অস্থায়ী চেকপোস্টে সেটিকে থামার সংকেত দেওয়া হলে চোরাকারবারিরা ইজিবাইকটি রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত ইজিবাইকটি তল্লাশি করে চালকের আসনের নিচ থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ২ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে। একই সাথে ইজিবাইকের ছাদের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি জি-থ্রি রাইফেল, একটি দেশীয় তৈরি এলজি, একটি ম্যাগাজিন এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক, অস্ত্র, গোলাবারুদ ও ইজিবাইকের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 




















