টেকনাফে যৌথ বাহিনীর তল্লাশিতে এক লিটার দেশীয় মদসহ আটক ১২ রোহিঙ্গাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১০ অক্টোবর) টেকনাফ-কক্সবাজার মহাসড়কের হোয়াইক্যং চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
সেনাবাহিনী ও ১৬ এপিবিএনের যৌথ তল্লাশি চলাকালে একটি কালো হাইয়েস গাড়ি থেকে পাঁচটি বোতলে মোট ১ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। এ ঘটনায় গাড়িতে থাকা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা ১২ রোহিঙ্গাকে আটক করা হয়।
পরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অনীক চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। দণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 


















