কক্সবাজারের চকরিয়ায় চকরিয়া আইনজীবী সমিতির সভাপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শিশু সন্তান ও গৃহকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাতদল।
বুধবার (৩ জুন) ভোর চারটার দিকে চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়া এলাকায় চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভরামুহুরী উকিলপাড়ার নিজ বাড়িতে পরিবার নিয়ে বসবাস করেন অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টু। ঘটনার সময় তিনি স্ত্রীকে নিয়ে পৌরসভার বাটাখালী এলাকায় নবনির্মিত ভবনে অবস্থান করছিলেন। তাঁর দুই ছেলে ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে ভোররাতে ছয় সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির জানালার গ্রিল কেটে দেশীয় অস্ত্রসহ ভেতরে প্রবেশ করে। এরপর বাড়িতে থাকা অন্তঃসত্ত্বা পুত্রবধূ, তাঁর শিশু সন্তান ও গৃহকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভাঙচুর চালায়। একপর্যায়ে ডাকাতরা চার ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকা নগদ টাকা এবং তিনটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।
অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টু বলেছেন, “বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকায় ডাকাতদল পরিকল্পিতভাবে হানা দেয়। তারা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে।”
এদিকে ঘটনার খবর পেয়ে বুধবার সকালে চকরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ বলেছেন, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”
বিশেষ প্রতিবেদক: 






















