কক্সবাজারের টেকনাফে অস্ত্র মামলার এজাহারভুক্ত দুর্ধর্ষ পলাতক আসামি নবী হোসেন প্রকাশ ‘লাদেন’কে (৪৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয় বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফ উপজেলার পালংখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৫ সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে টেকনাফ থানার একটি চাঞ্চল্যকর অস্ত্র মামলার অন্যতম প্রধান পলাতক আসামি পালংখালী এলাকায় আত্মগোপনে রয়েছে। এ সংবাদ পাওয়ার পর র্যাবের একটি চৌকস দল পালংখালী বাজার এলাকায় ঝটিকা অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চারদিক থেকে ঘেরাও করে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া নবী হোসেন প্রকাশ লাদেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাঞ্জরপাড়া এলাকার মৃত শহর মুল্লুকের ছেলে। স্থানীয়ভাবে তিনি একজন দুর্ধর্ষ অপরাধী হিসেবে পরিচিত বলে জানিয়েছে র্যাব।
র্যাব সূত্র জানায়, লাদেন টেকনাফ থানায় গত ১৪ এপ্রিল দায়ের করা একটি অস্ত্র মামলার তালিকাভুক্ত পলাতক আসামি। মামলার পর থেকে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল সে।
গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
তার ভাষ্য, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক 



















