কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও প্রথম সাবেক মহিলা পিপি অ্যাডভোকেট বেগম শামীম আরা স্বপ্না জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত হওয়ায় জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকালে জেলা আইনজীবী সমিতির আয়োজনে আদালত পাড়ায় এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনার জবাবে শামীম আরা স্বপ্না বলেন, দলমত নির্বিশেষে আইনজীবীদের মধ্যে কোনো বৈষম্য নেই, যে যার মতো রাজনীতি করুক তাতে কোনো বৈষম্য নেই। সবাই সঠিকভাবে আইন পেশায় কাজ করতে পারে এমন পরিবেশ তৈরী করারও প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি আরো জানান, বিশেষ করে নারীদের উন্নয়নে কাজ করাসহ কক্সবাজারের যারা কার্ড পাওয়ার উপযোগী তাদের হাতে স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড, ফ্যামেলি কার্ড পৌঁছে দেয়ার লক্ষ্যে কাজ করা হবে।
এছাড়াও কক্সবাজারের আইনজীবীদের দীর্ঘদিনের দাবি চীফ জুডিশিয়াল আদালত ভবন স্থানান্তরের প্রক্রিয়া শুরুর ঘোষণা দেন। কক্সবাজারের নানা সমস্যা সমাধান ও জেলার উন্নয়নে কাজ করার কথাও জানান তিনি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আব্দুল মন্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক আক্তার উদ্দিন হেলালী, অ্যাডভোকেট শাহজালালা চৌধুরী, অ্যাডভোকেট মো: জাকির, অ্যাডভোকেট আবুল কালাম সিদ্দিকি, অ্যাডভোকেট সৈয়দ আলম , অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল, অ্যাডভোকেট শওকত ওসমান, অ্যাডভোকেট মো: ওসমান, অ্যাভোকেট মনিরসহ অন্যান্যরা।
নিজস্ব প্রতিবেদক: 























