কক্সবাজারের রামুতে উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় রামু চৌমুহনী এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে সড়কের পাশের ফুটপাত দখল করে গড়ে তোলা বিভিন্ন অবৈধ দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়।
তবে উচ্ছেদ করা স্থান পুনরায় দখল হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল। তাঁদের মতে, স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে কিছুদিনের মধ্যেই আবারও সেখানে দোকানপাট গড়ে উঠতে পারে।
অভিযানে নেতৃত্ব দেন রামু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরি। এ সময় কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে, জনদুর্ভোগ কমাতে পরিচালিত এ উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, সড়ক ও ফুটপাত দখলমুক্ত থাকলে যান চলাচল স্বাভাবিক হবে এবং পথচারীদের চলাচলে ভোগান্তি কমবে।
স্থানীয় সূত্রে জানা যায়, রামুতে সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে বছরে কয়েকবার অভিযান পরিচালনা করা হলেও কয়েক মাসের মধ্যেই অনেক স্থানে আবারও দখল করে ব্যবসা-বাণিজ্য শুরু করে ব্যবসায়ীরা। ফলে বারবার অভিযান চালিয়েও স্থায়ী সমাধান নিশ্চিত করা যাচ্ছে না।
সচেতন মহলের দাবি, উচ্ছেদ করা স্থানগুলোতে সতর্কতামূলক নোটিশ স্থাপন এবং পুনরায় অবৈধভাবে দোকানপাট নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায়, উচ্ছেদ করা জায়গা আবারও দখল হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই যাবে।
আবুল কাশেম সাগর: 
























