কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শন করেছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে তিনি এসব এলাকা পরিদর্শনে যান। এ সময় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক, অপহরণ ও মানবপাচার প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী, সেনাবাহিনীর কর্মকর্তারা, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, বন বিভাগের কর্মকর্তারা, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, এলজিইডি কর্মকর্তা আলাউদ্দিন, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী এবং বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় মাদক, অপহরণ ও মানবপাচারের মতো অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহবান জানান সংসদ সদস্য।
এসময় স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করার উপর জোর দেয়া হয়।
নিজস্ব প্রতিবেদক 



















