কক্সবাজার জেলার একমাত্র বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (সিবিআইইউ) নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোকতার আহমেদ।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে গত ১৩ অক্টোবর তিনি চার বছরের জন্য এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ লাভ করেন।
শুক্রবার দুপুরে ভিসি ড. মোকতার আহমেদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান এবং ভাইস চেয়ারম্যান মাহবুবা সুলতানা শিউলির নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ জানান।
উপস্থিত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে নবনিযুক্ত উপাচার্য নিজ দপ্তরে দায়িত্ব গ্রহণ করেন এবং অফিশিয়াল কার্যক্রম শুরু করেন।
কক্সবাজারের সন্তান ড. মোকতার আহমেদ জেলার উখিয়া উপজেলার রুমখা মরিচ্যা হাজির পাড়ার মরহুম আলহাজ্ব পেটান আলী সওদাগরের সন্তান। শিক্ষা ও গবেষণায় দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন স্থানীয় একজন বরেণ্য শিক্ষাবিদকে উপাচার্য হিসেবে পেয়ে ক্যাম্পাসে আনন্দের আমেজ বিরাজ করছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রবীণ এই শিক্ষাবিদের সুযোগ্য নেতৃত্ব, জ্ঞান ও অভিজ্ঞতার সমন্বয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ও গবেষণার সার্বিক মান বহুগুণে বৃদ্ধি পাবে।
নিজস্ব প্রতিবেদক: 
























