চট্টগ্রামের লোহাগাড়ায় ইয়াবা পাচারকালে নারীসহ চারজনকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি নোহা গাড়িও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- কুমিল্লার মুরাদনগর উপজেলার সোনাপুর এলাকার মিজানুর রহমানের ছেলে ও নোহা গাড়ির চালক শাকিল (২৬), ব্রাহ্মণপাড়া উপজেলার তেতভূমি এলাকার রানু মিয়ার ছেলে সজীব (২৮), চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার কুচাইতলী এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. খোকন ইসলাম (২৯) এবং টাঙ্গাইলের মধুপুর উপজেলার আশ্রা এলাকার আবদুল কুদ্দুছের মেয়ে সুমা খাতুন (২১)।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে নোহা গাড়িটি থামিয়ে তল্লাশি করেন। এ সময় গাড়ি থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা চারজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত নোহা গাড়িটিও জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
লোহাগাড়া প্রতিনিধি 




















