কক্সবাজার জেলার শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সম্মাননা অর্জন করেছে রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লিমিটেড।
৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা পর্যায়ে ব্যবসায়ী ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করা হয়।
‘করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (৮ নভেম্বর) কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে জাতীয় সমবায় দিবস ও সমবায় পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা ও দিবসের উদ্বোধন করেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
অনুষ্ঠানে জেলা পর্যায়ে ব্যবসায়ী ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লিমিটেডের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় সমিতির সভাপতি মো. রুহুল আমিন রকি ও অর্থ সম্পাদক ডা. শামীমুল আরশাদ সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-২১-এর সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম. সাজ্জেদুর রহমান এবং কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান। স্বাগত বক্তব্য দেন জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল।
এ গৌরবময় অর্জনে সমিতির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন রামু চৌমুহনী বণিক সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সমিতির সভাপতি রুহুল আমিন রকি, সহ-সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, অর্থ সম্পাদক ডা. শামীমুল আরশাদ এবং কার্যনির্বাহী সদস্য লোকমান হাকিম, আজিজুল হক, এইচ এম মাসুদ, কাউসারুল হক খোকা ও মোবারক হোছাইন।
তাঁরা এ অর্জনকে সমিতির সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও ঐক্যবদ্ধ কার্যক্রমের স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। ভবিষ্যতেও সমবায় আন্দোলনকে আরও গতিশীল এবং ব্যবসায়িক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক: 






















