যৌতুকের জন্য শারীরিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে চার দিন লড়ার পর হেরে গেলেন মরিয়ম বেগম (২২) নামের এক গৃহবধূ।
গত বুধবার দিবাগত রাত ২টা ৯ মিনিটে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত মরিয়ম চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের (৯ নম্বর ওয়ার্ড) টমটমচালক সরওয়ার আলমে একমাত্র মেয়ে। চার বছর আগে প্রায় ৬ লাখ টাকা খরচ করে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের (২ নম্বর ওয়ার্ড) ভাইয়ারপাড়ার ফরহাদ হোসেনের (৩০) সাথে তাঁর বিয়ে হয়েছিল।
নিহতের স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মরিয়মের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল তাঁর শ্বশুরবাড়ির লোকজন। এরই জের ধরে গত ৪ অক্টোবর ৩ লাখ টাকা দাবির অজুহাতে ফরহাদ ও তাঁর পরিবারের সদস্যরা মরিয়মকে মারধর করে।
নির্যাতনের একপর্যায়ে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লে মরিয়মের মাকে ফোন করে মেয়েকে নিয়ে যেতে বলা হয়।
পরদিন (৫ অক্টোবর) মরিয়মের মা চরম্বায় গিয়ে মেয়েকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
সেখানে চার দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বুধবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান গণমাধ্যম কে জানান, গৃহবধূর মৃত্যুর পর ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক 




















