টেকনাফে নাফ নদীর মিয়ানমার অংশে মাছ ধরার সময় আরাকান আর্মির গুলিতে মো. ইদ্রিস (৫৫) নামে এক বাংলাদেশি জেলে আহত হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর জলসীমায় এ ঘটনা ঘটে। আহত ইদ্রিস টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার বাসিন্দা।
স্থানীয়দের সূত্রে জানা যায়, নাফ নদীর মিয়ানমার অংশে অবস্থানকালে আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধাওয়া দেয়। সেখান থেকে সরে আসার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়, যা ইদ্রিসের ডান পায়ের হাঁটুতে লাগে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাড়িতে নিয়ে আসে।
জালিয়াপাড়া ১ নম্বর স্লুইচ গেট জেলে সমিতির সভাপতি জহিদ জানান, ধাওয়া খেয়ে চলে আসার সময় জেলেদের ওপর গুলি চালানো হয়।
ঘটনার বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
সীমান্ত এলাকায় এমন ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
নিজস্ব প্রতিবেদক: 
























