মিয়ানমার থেকে আনার সময় এক লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ ২ পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজারের উখিয়া উপজেলার আনজুমানপাড়া সীমান্ত এলাকা থেকে ৬৪ বিজিবি’র পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— উখিয়ার আনজুমানপাড়া গ্রামের মৃত বশির আহমেদের ছেলে মোঃ নুর ইসলাম (২৫) এবং বালুখালী এফডিএমএন ক্যাম্প-১৫ (ব্লক-এ/৭) এর বাসিন্দা মৃত হাচানের ছেলে মোঃ হারেস (২০)।
উখিয়া ৬৪ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার আনুমানিক ভোর ৫টা ১০ মিনিটে পালংখালী বিওপির টহল দল আনজুমানপাড়া পানির পয়েন্ট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার সীমান্ত অতিক্রম করে ব্যাগ হাতে দুজনকে বাংলাদেশের ভেতরে ঢুকতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। পাচারকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে তাদের হাতেনাতে আটক করেন।
পরবর্তীতে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে খাকী রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১৪টি কার্টে রাখা মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, মিয়ানমার সীমান্ত থেকে এসব ইয়াবা কিনে বাংলাদেশে এনেছিল।
বিজিবি অধিনায়ক আরও উল্লেখ করেন, মাদকের মূল সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 
























