রামুর চেইন্দা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বহুল আলোচিত মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি মো. শাহজাহানকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চেইন্দা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা ও ঘটনার বিবরণ অনুযায়ী, ২০১২ সালের ৬ জানুয়ারি কক্সবাজার সদর উপজেলার মুহুরী পাড়ার বাসিন্দা মাইনুদ্দীন রাসেলকে লিংক রোড এলাকা থেকে দুর্বৃত্তরা অপহরণ করে নিয়ে যায়। ওই দিনই সন্ধ্যায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ির চর এলাকা থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের পর রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামি শাহজাহান দীর্ঘ ১৪ বছর ধরে আত্মগোপনে থাকার পর র্যাবের অভিযানে গ্রেফতার হন।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 






















