কক্সবাজার জেলার ৬২ ইউনিয়নে ইউপি নির্বাচন হতে যাচ্ছে। সীমানা সংক্রান্ত আইনি জটিলতা এবং প্রস্তাবিত সিটি কর্পোরেশন এলাকার অন্তর্ভুক্তির কারণে কক্সবাজার জেলার ৯টি ইউনিয়ন পরিষদ আপাতত নির্বাচনী তালিকার বাইরে থাকছে। জেলায় মোট ৭১টি ইউনিয়ন পরিষদ থাকলেও বাদ পড়া ৯টি ব্যতিরেকে অবশিষ্ট ৬২টিতে আগামী সেপ্টেম্বর মাসের শেষ দিকে তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে জেলা নির্বাচন অফিস।
জেলা নির্বাচন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, কক্সবাজার সদর ও রামু উপজেলার ৫টি ইউনিয়ন নতুন প্রস্তাবিত সিটি কর্পোরেশনের সীমানায় যুক্ত হতে যাচ্ছে। এর মধ্যে সদর উপজেলার খুরুশকুল, পিএমখালী ও ঝিলংজা এবং রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ও খুনিয়াপালং রয়েছে। সিটি কর্পোরেশন সংক্রান্ত এই প্রশাসনিক পরিবর্তন এবং অন্যান্য ৪টি ইউনিয়নের আইনি ও সীমানা জটিলতার কারণে এসব এলাকায় আপাতত ভোটগ্রহণ স্থগিত থাকছে।
জেলা নির্বাচন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ৯টি ইউনিয়ন বাদ দিয়ে ৬২টিতে নির্বাচন আয়োজনের কথা জানালেও এখনও চূড়ান্ত নামভিত্তিক তালিকা প্রকাশ করেননি। সম্ভাব্য ৬২টি ইউনিয়নের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে:
চকরিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন— হারবাং, বড়ইতলী, কৈয়ারবিল, বমু বিলছড়ি, সুরাজপুর-মানিকপুর, পূর্ব বড় ভেওলা, কাকারা, ফাঁসিয়াখালী, লক্ষ্যারচর, চিরিঙ্গা, সাহারবিল, পশ্চিম বড় ভেওলা, বদরখালী, কোনাখালী ও ঢেমুশিয়া।
পেকুয়া উপজেলার ৬টি ইউনিয়ন— বারবাকিয়া, শিলখালী, পেকুয়া, মগনামা, রাজাখালী ও টৈটং।
মহেশখালী উপজেলার ৮টি ইউনিয়ন— মাতারবাড়ী, ধলঘাটা, কালারমারছড়া, শাপলাপুর, হোয়ানক, বড় মহেশখালী, কুতুবজোম ও ছোট মহেশখালী।
কুতুবদিয়া উপজেলার ৬টি ইউনিয়ন— আলী আকবর ডেইল, বড়ঘোপ, কৈয়ারবিল, লেমশীখালী, উত্তর ধুরুং ও দক্ষিণ ধুরুং।
রামু উপজেলার ৮টি ইউনিয়ন— ফতেখাঁরকুল, জোয়ারিয়ানালা, রশিদনগর, গর্জনিয়া, কাউয়ারখোপ, রাজারকুল, চাকমারকুল ও ঈদগড়।
উখিয়া উপজেলার ৫টি ইউনিয়ন— জালিয়াপালং, রত্নাপালং, হলদিয়াপালং, রাজাপালং ও পালংখালী।
টেকনাফ উপজেলার ৬টি ইউনিয়ন— হ্নীলা, হোয়াইক্যং, বাহারছড়া, সাবরাং, টেকনাফ সদর ও সেন্টমার্টিন।
কক্সবাজার সদর উপজেলার ৩টি ইউনিয়ন— চৌফলদণ্ডী, ভারুয়াখালী ও পাটালি মাছুয়াখালী।
ঈদগাঁও উপজেলার ৫টি ইউনিয়ন— ইসলামপুর, ইসলামাবাদ, পোকখালী, জালালাবাদ ও ঈদগাঁও।
নিজস্ব প্রতিবেদক: 






















