শহরের হোটেল রেনেসাঁর বারে সংঘর্ষের জেরে ঘটে যাওয়া আলোচিত সালমান হত্যাকান্ডে ৮ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
৩০ আগষ্ট (রবিবার) সকালে নিহত সালামানের মা ফাতেমা বেগম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় এই হত্যা মামলাটি দায়ের করে।
মামলায় ১ নং আসামী করা হয়ছে শহীদুল হক নয়ন কে। এতে ২ নং আসামী কায়সার আবেদীনকে। তারা দুজনই নিহত রাশেদের ভাই এবং কায়সার আবেদীন রাশেদ হত্যা মামলার বাদী। মামলার বাকী আসামীরা হলেন, নেজাম উদ্দিন, রাসেল সরোয়ার, জিয়াউল হক জিয়া,নঈম উদ্দিন, টিপু সোলতান,সাজ্জাদুল ইসলাম।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী।
২৭ আগষ্ট বৃহস্পতিবার রাত ১০ টা ১৫ মিনিটের দিকে হোটেল রেনেসাঁর বারে কথা কাটাকাটির জেরে হত্যা করা হয় রাশেদ নামের এক যুবককে। পরে নিহত রাশেদের স্বজন ও বন্ধুরা ঘটনাস্থলে সোলাইমান প্রকাশ সালমানকে ব্যাপক মারধর করে, মারতে মারতে তাকে নতুন বাহারছড়া নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নিয়ে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্যে নেয়া হয়। সেখানে তার অবস্থা আশংকাজনক হলে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে শুক্রবার ভোর ৬ টায় সেখানে সালমানের মৃত্যু হয়।
নিহত সালমান কক্সবাজার পৌরসভার ৬ নং ওয়ার্ডের বিজিবি ক্যাম্প এলাকার চৌধুরী পাড়ার মৃত আবুল কালাম সিকদারের পুত্র।
তানভীর শিপু 





















