কক্সবাজারে বিপুল পর্যটক উপস্থিতির কথা মাথায় রেখে তারকা হোটেল ওশান প্যারাডাইসে আয়োজন করা হয়েছে ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’। ১৫ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দশদিনের এ আয়োজনে ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোর রুচিশীল মুখরোচক খাবার উপস্থাপন করা হচ্ছে। সব ক্যাটাগরির পর্যটকদের কথা চিন্তা করে নামমাত্র মূল্যে মেন্যু সেট করেছে আয়োজক কর্তৃপক্ষ। নানা ধরণের ৬০-এর অধিক পদের খাবার পাচ্ছেন ভোজন রসিকেরা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে হোটেল লবিতে দৃষ্টিনন্দন আবহে ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়। পর্যটন জোনের বৈচিত্র্যময় এ ফেস্টিভ্যালে প্রথমদিন থেকেই সাড়া পড়েছে।
হোটেলটির এক্সিকিউটিভ সেফ্ মো. ইরফান হোসাইন বলেন, মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল হলো গ্রীস, তুরস্ক, সিরিয়া, লেবানন ও আরব দেশগুলোর (ভূমধ্যসাগরীয় অঞ্চল) ঐতিহ্যবাহী ও সুস্বাদু খাবারের সমন্বয়। খাবারগুলোর মাঝে টার্কিশ কাবাব, শাওয়ারমা, আরবীয় মেজে, সিরিয়ান ল্যাম্ব স্টু, কুসকুস এবং ওমানি শুয়া, গ্রিক স্টাইলে স্যামন, চিংড়ি ও কালামারি, ইতালির ক্রোস্তাটা দি মারমেল্লাতা, তিউনিসিয়ার কাক ওয়ারকা, মরোক্কান চালের পায়েসসহ ৬০পদেরও বেশি ভূমধ্যসাগরীয় অঞ্চলের খাবার মেলায় উপস্থাপন করা হচ্ছে। আজকে থেকে (১৫ অক্টোবর) দূর্গাপুজার বন্ধ শেষ হওয়া পর্যন্ত সময়ে কক্সবাজার ঘুরতে আসা পর্যটক, দর্শণার্থীরা ভিনদেশী খাবারের আসল স্বাদ ও সংস্কৃতির সাথে পরিচয় হতে ওশান প্যারাডাইসের এ আয়োজনে শরিক হতে পারেন।
ওশান প্যারাডাইসের জনসংযোগ কর্মকর্তা সায়ীদ আলমগীর বলেন, দিনে সৈকত দেখার পর সান্ধ্যাকালীন বিনোদনহীনতার অভিযোগ দীর্ঘদিনের। তা ঘুচাতে সপ্তাহিক ও দূর্গাপুজার বন্ধকে উপলক্ষ্য করে দশদিনের ‘মেডিটেরেনিয়ান ফুড ফেস্টিভ্যাল’ আয়োজন করা হয়েছে।
ফুটপাতের টংয়ের দোকানের চেয়ে কমদামে মাত্র ৫০ টাকা থেকে ৩০০ টাকায় ভিনদেশি খাবারের স্বাদ নিতে পারবেন পর্যটকসহ স্থানীয় ভোজন রসিকেরা।
হোটেল লবিতে সকাল ১০টা হতে রাত ১০টা পর্যন্ত পরিচ্ছন্ন পরিবেশে ফেস্টিভ্যালের খাবার গ্রহণ করতে পারবেন যেকেউ। সবাইকে হোটেলের পক্ষ থেকে ফেস্টিভ্যালে আমন্ত্রণ জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 






















