চট্টগ্রামের লোহাগাড়ায় রাশেদুল ইসলাম শাকিব নামে এক ব্যবসায়ীকে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত ১৪ অক্টোবর রাতে নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর মুঠোফোন বন্ধ রয়েছে।
স্বামীর সন্ধান না পেয়ে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের সদস্যদের। তাঁকে জীবিত ও অক্ষত অবস্থায় ফিরে পেতে সংবাদ সম্মেলন করে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্ত্রী উম্মে আয়মন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে লোহাগাড়া উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন তিনি।
উম্মে আয়মন জানান, তাঁর স্বামী রাশেদুল ইসলাম শাকিব একজন ব্যবসায়ী। তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের বাসিন্দা সেলিম উদ্দীনের ছেলে। গত ১৪ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে ব্যক্তিগত কাজে বাইরে যাওয়ার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ঘটনার সময় কয়েকজন ব্যক্তি তাঁর স্বামীকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর থেকে শাকিবের ব্যবহৃত মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।
সংবাদ সম্মেলনে উম্মে আয়মন আরও দাবি করেন, ঘটনার আগে তাঁর স্বামীর সঙ্গে একটি বিষয় নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে তাঁকে তুলে নেওয়া হয়ে থাকতে পারে বলে পরিবারের সদস্যদের সন্দেহ। তবে কারা তাঁকে নিয়ে গেছে এবং এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, সে বিষয়ে তাঁরা নিশ্চিত নন।
স্বামীর সন্ধান না পেয়ে উদ্বেগ প্রকাশ করে উম্মে আয়মন বলেন, আমার স্বামী কোথায় আছেন, কেমন আছেন, আদৌ নিরাপদে আছেন কি না, কিছুই জানি না। প্রতিটি মুহূর্ত আমাদের পরিবারের জন্য আতঙ্কের হয়ে উঠেছে। আমি আমার স্বামীকে জীবিত ও অক্ষত অবস্থায় ফিরে পেতে চাই।
তিনি আরও বলেন, তাঁর স্বামীকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এ ঘটনায় উম্মে আয়মন বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও তাঁর অবস্থান শনাক্তে পুলিশের তদন্তের কাজ চলমান রয়েছে।
মোহাম্মদ আলাউদ্দিন, লোহাগাড়া 























