সন্ধ্যায় মাদক সেবনের আসর। সঙ্গে ছিল মাদক সেবনের সরঞ্জামও। স্থানীয়দের নজরে পড়তেই খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে পুলিশ। পরে থানায় বসে ভ্রাম্যমাণ আদালত—সেখানেই মিলল তিন মাসের কারাদণ্ড।
চট্টগ্রামের লোহাগাড়ায় মাদক সেবনের অপরাধে সাবেক বরখাস্ত পুলিশ কনস্টেবলসহ দুই যুবককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—বড়হাতিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সেনেরহাট হিন্দুপাড়া এলাকার দোলন সিকদারের ছেলে সাবেক বরখাস্ত পুলিশ কনস্টেবল নিউটন সিকদার (৩৭) ও একই এলাকার সবুজ ধরের ছেলে রাজেশ ধর (২৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নিউটন ও রাজেশকে মাদক সেবনরত অবস্থায় সরঞ্জামসহ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানালে চুনতি পুলিশ ফাঁড়ির এসআই জিয়াউল হুদা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করেন। পরে দুজনকে লোহাগাড়া থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, রাত সাড়ে ১১টার দিকে তাদের থানায় হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদ বিন আখন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে মাদক সেবনের অপরাধ প্রমাণিত হওয়ায় দুজনকেই তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করা হয়।
লোহাগাড়া থানার ওসি (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত নিউটন সিকদার ও রাজেশ ধরকে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
লোহাপাড়া প্রতিনিধি: 






















