কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় বেপরোয়া গতির বালুবাহী ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ডাম্পারটি নিয়ে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। তবে অবৈধ ডাম্পারটির মালিক পালংখালীর সাবেক ইউপি সদস্য কামাল উদ্দিন প্রকাশ কামাল মেম্বারের বলে জানা গেছে।
নিহতরা হলেন—উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মৃত ছগির আহমদ ড্রাইভারের ছেলে মো. রুবেল (৩৫) এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের গিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে মোহাম্মদ আরমান চৌধুরী (২৮)।
বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং কেরুনতলী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গিলাতলী থেকে রুবেল ও আরমান মোটরসাইকেলে যোগে পালংখালী বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় টেকনাফমুখী বেপরোয়া গতির বালুবাহী একটি ডাম্পার তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। গুরুতর আহত আরমানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।
টেকনাফ হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত ডাম্পারটি পালংখালী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাবেক সদস্য কামাল উদ্দিনের বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।”
তিনি বলেন, “ঘটনার পর ডাম্পারটি নিয়ে চালক পালিয়ে গেছে। কাউকে আটক করা সম্ভব হয়নি। ডাম্পারটি জব্দ এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এদিকে কয়েকদিন আগে ডাম্পারটির মালিক কামাল উদ্দিন সার ছিনতাই করে বেশ আলোচিত হয়েছিলেন, ৫০ বস্তা সার লুটের ঘটনায় তাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশিত হয়।
নিজস্ব প্রতিবেদক: 






















