কক্সবাজার শহরে বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য বিক্রি এবং ওজন পরিমাপের যন্ত্রে অনিয়মের দায়ে দুটি পৃথক অভিযানে মোট ৫৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ অক্টোবর) কক্সবাজার শহরের কালুর দোকান ও বড়বাজার এলাকায় জেলা প্রশাসন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে কালুর দোকান এলাকার একটি ফাস্টফুড ও বেকারি পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান এয়ারকে বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া শহরের বড়বাজারে সাতজন মাছ বিক্রেতার ওজন পরিমাপের যন্ত্র গরমিল ও বিএসটিআইয়ের ছাড়পত্র না পাওয়ায় তাদের মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম নাঈম বলেন, ভোক্তাদের সঠিক ওজনে পণ্য কেনা নিশ্চিত করা এবং বিএসটিআইয়ের অনুমোদন ও নির্ধারিত মানদণ্ড মেনে পণ্য বিক্রি হচ্ছে কি না, তা তদারকি করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
ব্যবসায়ীদের আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি জনস্বার্থে ভেজাল ও মানহীন পণ্য বিক্রি এবং ওজন পরিমাপে অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, পণ্যের মান নিশ্চিত করা এবং সঠিক ওজন ও পরিমাপের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাহুল মহাজন 






















