কক্সবাজারের উখিয়ায় স্থানীয় জনগোষ্ঠীর সমস্যা ও অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ব্যবস্থা শক্তিশালী করতে যুব প্রতিনিধিদের নিয়ে ‘ইয়ুথ কমিউনিটি এনগেজমেন্ট গ্রুপ’ (YCEG) গঠনসহ পাঁচটি উদ্যোগ গ্রহণের প্রস্তাব এসেছে এক মতবিনিময় সভায়।
উপজেলার পালংখালী ইউনিয়ন পরিষদ সম্মেলনকক্ষে একশনএইড বাংলাদেশের সহযোগিতায়, শেড (SHED)-এর কারিগরি সহায়তায় এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহ-অর্থায়নে যুব নেতৃত্বাধীন সংগঠন এমবোলডেন বাংলাদেশ এ সভার আয়োজন করে।
‘ইয়ুথ-লেড পিসবিল্ডিং অ্যান্ড সোশ্যাল কোহেশন ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার’ প্রকল্পের আওতায় আয়োজিত সভায় স্থানীয় সরকার প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মী, যুব প্রতিনিধি ও কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় রোহিঙ্গা শরণার্থীশিবির-সংলগ্ন এলাকার স্থানীয় জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, অভিযোগ জানানোর বিদ্যমান ব্যবস্থা, সেবা প্রাপ্তির প্রতিবন্ধকতা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে আলোচনা হয়।
আলোচনাপর্বে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন এমবোলডেন বাংলাদেশের অপারেশন লিড আফিফা ইয়াসের উলফা।
অংশগ্রহণকারীরা বলেন, রোহিঙ্গা শিবির-সংলগ্ন উখিয়ার স্থানীয় জনগোষ্ঠী জীবিকা, সরকারি সেবা, অবকাঠামো ও সামাজিক নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। এসব সমস্যা সমাধানে জনগণের সঙ্গে স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ আরও কার্যকর করা প্রয়োজন।
আলোচনায় পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আনজুমান আরা বলেন, “এলাকার মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। কিন্তু অনেকেই জানেন না কোন সমস্যার জন্য কোথায় যেতে হবে। অভিযোগ জানানোর প্রক্রিয়া সহজ করা গেলে মানুষের ভোগান্তি কমবে। এ জন্য স্থানীয় সরকার, যুবসমাজ ও উন্নয়ন সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।”
সভায় অংশ নেওয়া একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি নাসিমা শাহিন বলেন, “শুধু অভিযোগ গ্রহণ করলেই হবে না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে কি না এবং কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটিও দেখতে হবে। বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ ও সহজলভ্য অভিযোগ জানানোর ব্যবস্থা থাকা জরুরি।”
ইন সার্চ অব হিউম্যানিটির যুব প্রতিনিধি রায়হান উদ্দিন বলেন, “আমাদের এলাকার অনেক সমস্যা আমরা নিজেরাই দেখি। কিন্তু কোথায় এবং কীভাবে এসব সমস্যা তুলে ধরতে হবে, তা অনেক সময় জানা থাকে না। তরুণদের এ কাজে যুক্ত করা হলে সাধারণ মানুষের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যোগাযোগ সহজ হবে।”
সভায় কমিউনিটি রিপোর্টিং ব্যবস্থা শক্তিশালী করতে পাঁচটি উদ্যোগ গ্রহণের প্রস্তাব করা হয়।
প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে স্থানীয় যুব প্রতিনিধিদের নিয়ে ‘ইয়ুথ কমিউনিটি এনগেজমেন্ট গ্রুপ’ গঠন, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে অভিযোগ জানানোর পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, ইউনিয়ন পরিষদের সঙ্গে সমন্বয় করে একজন যোগাযোগকারী বা ফোকাল পারসন নির্ধারণ, অভিযোগের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেওয়া ও অভিযোগকারীকে তথ্য প্রদানের ব্যবস্থা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে নিয়মিত সমন্বয় সভার আয়োজন।
প্রস্তাবিত ইয়ুথ কমিউনিটি এনগেজমেন্ট গ্রুপের কার্যক্রম পরিচালনা ও তত্ত্বাবধানে স্থানীয় যুব সংগঠন ‘ইন সার্চ অব হিউম্যানিটি’কে সম্পৃক্ত করার প্রস্তাব করা হয়। সংগঠনটি এমবোলডেন বাংলাদেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরবর্তী কার্যক্রম এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
এমবোলডেন বাংলাদেশ ও ইন সার্চ অব হিউম্যানিটি যৌথভাবে যুব প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং গৃহীত উদ্যোগগুলোর অগ্রগতি পর্যালোচনায় কাজ করার বিষয়েও আলোচনা করে।
এমবোলডেন বাংলাদেশের প্রোগ্রাম লিড ফয়সাল আহমেদ বলেন, স্থানীয় জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানো, বিদ্যমান অভিযোগ ব্যবস্থাকে আরও কার্যকর করা এবং স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
আয়োজকরা প্রত্যাশা করেন, স্থানীয় যুব সংগঠন, ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ জনগণের সঙ্গে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ ও আস্থা বাড়াবে। একই সঙ্গে রোহিঙ্গা শিবির-সংলগ্ন হোস্ট কমিউনিটিতে শান্তিপূর্ণ সহাবস্থান ও সামাজিক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে।
সংবাদ বিজ্ঞপ্তি 






















