সীমান্তে এবার বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই পাচারকারী ধরা পড়েছে। কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ চাকঢালা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
রামু সীমান্ত এলাকা দিয়ে আসা এই চালানটি সিএনজির ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযানের সময় তল্লাশি চালিয়ে ২০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা, দুটি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন রামু উপজেলার উত্তর পতেকারকুল গ্রামের মোঃ নুরুল হাশেম (৩৫) এবং তেচ্ছিপুল গ্রামের মোঃ হাসান আলী (২০)।
বিষয়টি নিশ্চিত করে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্ত পিলার-৪৪ থেকে প্রায় সাড়ে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাকঢালা বাজার নামক স্থানে এ অভিযান চালানো হয়। আটক আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক উদ্ধারকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নিজস্ব প্রতিবেদক 























