দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ফিরলেন গোলরক্ষক আনিসুর রহমান জিকু। নতুন করে জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়ায় ফুটবল অঙ্গনে আলোচনায় এসেছে চকরিয়ার এই ফুটবলার।
শৃঙ্খলাভঙ্গের ঘটনায় এক সময় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন জিকু। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ঘরোয়া ফুটবলে ধারাবাহিক নৈপুণ্য ও অভিজ্ঞতার প্রমাণ দিয়ে আবারও নির্বাচকদের আস্থায় ফিরেছেন তিনি। সাম্প্রতিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতেই তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।
জাতীয় দলে ফেরার পর প্রতিক্রিয়ায় জিকু বলেন, আগের চেয়ে আরও আত্মবিশ্বাস নিয়ে ফিরেছেন তিনি। সুযোগ পেলে দেশের জন্য নিজের সেরাটা দেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন এই গোলরক্ষক।
বাংলাদেশ ফুটবল অঙ্গনেও জিকুর প্রত্যাবর্তন ইতোমধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। ফুটবল সংশ্লিষ্টদের মতে, গোলবারের নিচে তার অভিজ্ঞতা, নেতৃত্ব ও চাপ সামাল দেওয়ার সক্ষমতা জাতীয় দলের জন্য বাড়তি শক্তি হিসেবে কাজ করতে পারে।
চকরিয়ার এই ফুটবলারের জাতীয় দলে ফেরা স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝেও উচ্ছ্বাস তৈরি করেছে। অনেকে এটিকে তরুণ ফুটবলারদের জন্য অনুপ্রেরণা হিসেবেও দেখছেন।
নিজস্ব প্রতিবেদক 























