কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এলাকায় দুটি সিএনজির সংঘর্ষে মোহাম্মদ হাশিম (৩৪) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় দুই সিএনজির চালক ও যাত্রীসহ আরও আটজন আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-১৮-এর এফ/৩০ ব্লকের ত্রিমুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষ তথ্য অনুযায়ী, ওই সময় সড়কে চলাচলরত দুটি সিএনজির মধ্যে সংঘর্ষ হলে উভয় যানবাহনে থাকা মোট নয়জন আহত হন। খবর পেয়ে ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের একটি বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ক্যাম্পসংলগ্ন এমএসএফ হাসপাতালে পাঠায়।
হাসপাতালে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও মোহাম্মদ হাশিমের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হাশিম ক্যাম্প-১৭-এর এইচ/৭৫ ব্লকের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম নুর আলম।
এ ঘটনায় আহত অন্যদের চিকিৎসা চলছে বলে জানা গেছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 























