অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে এসআরবি-১৫।
শুক্রবার সকালে টেকনাফ পৌরসভার ২নং ওয়ার্ডের মাতবর মসজিদ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ পৌরসভার মৃত কবির আহমদের তিন ছেলে—নুরুল হুদা (৪০), মোঃ ছিদ্দিক (৩২) এবং মোঃ ইয়াছিন (২৫)।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, টেকনাফ পৌরসভার মাতবর মসজিদ রোড এলাকার একটি বসতঘরে বিক্রয়ের উদ্দেশ্যে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রাখা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ছয়টার দিকে সেখানে অভিযান পরিচালনা করা হয় । এসআরবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে ঘরে ইয়াবা থাকার কথা স্বীকার করেন তারা। আসামিদের দেয়া তথ্যমতে বসতঘরের কক্ষের সানসেডের ওপর থেকে একটি প্লাস্টিকের বস্তায় রাখা ৯টি প্যাকেটে মোট ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
জব্দকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবি সূত্রে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক: 
























