টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ ফুলের ডেইল এলাকার ছোট জেলে পাড়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১২টি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার( ২১ এপ্রিল) রাতে একটি বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। কেউ বলছে মশার কয়েল থেকে আবার কেউ রান্নাঘরের চুলা থেকে আবার কেউ কেউ বলছেন বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ঘরগুলো পাশাপাশি হওয়ায় এবং কাঠ ও বাঁশ দিয়ে তৈরি হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
স্থানীয় বাসিন্দা করিম বলেন, সবাই যখন ঘুমে ছিল হঠাৎ আগুনের চিৎকার শুনে বেরিয়ে দেখে দাউদাউ করে আগুন জ্বলছে। আসবাবপত্র বা জরুরি কোনো কিছু বের করার সুযোগ পাননি তারা। পরনের কাপড় ছাড়া এখন তাদের আর কিছুই অবশিষ্ট নেই। খোলা আকাশের নিচে মানবেতর সময় পার করছেন ক্ষতিগ্রস্তরা।
টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জামিল বলেন, খবর পাওয়ার পরপর একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় এবং তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে আনুমানিক ১০-১২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

















