পেকুয়ায় মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মহুরী পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির নাম নাজেম উদ্দিন (প্রকাশ নেজাম)। তিনি মগনামা ইউনিয়নের মগঘোনা এলাকার মৃত আবুল হাশেমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালে মাদকসহ গ্রেফতার হওয়ার পর নাজেম উদ্দিনের বিরুদ্ধে পেকুয়া থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর: ২৯/১১/২২)।
পরবর্তীতে মামলার দীর্ঘ শুনানি ও তথ্য-প্রমাণাদি পর্যালোচনা শেষে বিজ্ঞ আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ৩০ দিনের কারাদণ্ডের আদেশ দেয় আদালত। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন কান্তি নাথ জানান, সাজাপ্রাপ্ত আসামি নাজেম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মাদকের বিষয়ে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সকল অপরাধীকেই আইনের আওতায় আনা হবে।
পেকুয়া প্রতিনিধি: 























