চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসল করে দলটির সমর্থন ত্যাগের ঘোষণা দিয়েছেন মো. ফারুক (৪৮) নামের এক ব্যক্তি।
গত সোমবার রাতে উপজেলার আধুনগর বাজারে দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়ার ঘোষণা দেন তিনি। এ ঘটনার ভিডিও গত মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা শুরু হয়।
ফারুক উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। নিজের ফেসবুক আইডিতে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য দেওয়ার কারণে এলাকায় পরিচিতি রয়েছে তাঁর।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত সোমবার আধুনগর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে বিএনপি ও জামায়াতের সমর্থকেরা পৃথক প্রার্থীর পক্ষে অবস্থান নিয়েছেন বলে স্থানীয়ভাবে আলোচনা ছিল। সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিএনপি-সমর্থিত প্রার্থী জয়ী হন। এ ফলাফলে ক্ষুব্ধ হয়ে জামায়াতের স্থানীয় নেতাদের সমালোচনা করে ফেসবুকে ভিডিও বক্তব্য দেন ফারুক।
তাঁর অভিযোগ, আধুনগর ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল নেতারা কথা দিয়েও তাঁর পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করেননি। এ নিয়ে ক্ষোভ প্রকাশের কয়েক ঘণ্টা পর রাতেই আধুনগর বাজারে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা দেন তিনি। এ সময় পাশে থাকা কয়েকজনকে হাততালি দিতেও দেখা যায়। পরে গোসল করার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বক্তব্যে ফারুক বলেন, ‘আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মন থেকে ঘৃণা করি। কারণ, আধুনগর ইউনিয়নের মধ্যে দলটির যাঁরা দায়িত্বশীল আছেন, তাঁরা চোর, ডাকাত, ভোট চোর।
ফারুক বলেন, ‘আমি জামায়াতের নেতা বা কর্মী নই। তবে দলটিকে সমর্থন করতাম। বর্তমানে আধুনগর ইউনিয়নে দলটির হয়ে যাঁরা দায়িত্ব পালন করছেন, তাঁদের কার্যকলাপ আমার ভালো লাগছে না। তাই দুধ দিয়ে গোসল করে দল ত্যাগ করেছি।’
এ বিষয়ে জানতে চাইলে আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের বলেন, ‘ফারুক আমাদের একজন সমর্থক হিসেবে দলীয় প্রোগ্রামে অংশ নিতেন। বাজার কমিটির নির্বাচনে বিএনপি বা জামায়াত কাউকে সমর্থন দেয়নি। তবে সভাপতি পদে ফারুকের ব্যক্তিগত পছন্দের একজন প্রার্থী ছিলেন। তিনি পরাজিত হয়েছেন। হয়তো সেই কারণে ফারুক ক্ষুব্ধ হয়ে আবেগে এমন কাজ করেছেন।
মোহাম্মদ আলাউদ্দিন,লোহাগাড়া: 
























