চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বনভূমি অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় অবৈধভাবে নির্মিত বসতঘর ও পানের বরজ উচ্ছেদ করে প্রায় ৬৫ শতক বনভূমি উদ্ধার করা হয়েছে। গত দুই দিন অভয়ারণ্যের রেঞ্জ কার্যালয়ের পশ্চিম পাশে ও চুনতি বিটের বান্ধা খোলা এলাকায় এসব উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কার্যালয়ের পশ্চিম পাশে একটি মহল দীর্ঘদিন ধরে (প্রায় ৪০ বছর) বনভূমি দখল করে বসতঘর নির্মাণ করে বসবাস করে আসছিল। স্থানীয়ভাবে ‘বাবুইয়ার মায়ের ঘর’ নামে পরিচিত ওই বসতঘরটি অভিযানের মাধ্যমে সম্পূর্ণ অপসারণ করা হয়। এ সময় অবৈধ স্থাপনাসহ প্রায় ৫০ শতক বনভূমি উদ্ধার করা হয়।
অন্যদিকে, অভয়ারণ্যের চুনতি বিটের বান্ধা খোলা এলাকায় পানের বরজ উচ্ছেদ করে আরও ১৫ শতক বনভূমি উদ্ধার করা হয়েছে। দুটি উচ্ছেদ কার্যক্রমে সব মিলিয়ে প্রায় ৬৫ শতক বনভূমি দখলমুক্ত করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার।
তিনি জানান, বনভূমির সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় বন বিভাগের এ ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে। অভয়ারণ্যের বনভূমি অবৈধ দখলমুক্ত রাখতে পর্যায়ক্রমে দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।
মোহাম্মদ আলাউদ্দিন,লোহাগাড়া: 























