উখিয়ার থাইংখালীতে নির্বিচারে তোলা হচ্ছে বালু। ইজারা ছাড়াই অবৈধভাবে মাসের পর মাস থাইংখালী খালে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছেন স্থানীয় বিএনপি নেতা জয়নাল মেম্বার ও তাঁর সিন্ডিকেটের সদস্যরা।
অবدভাবে বালু উত্তোলনের কারণে হুমকির মুখে পড়েছে ফসলি জমি। ইতোমধ্যে অনেক স্থানীয় বাসিন্দার জমি খালে বিলীন হয়েছে। বর্ষার মৌসুমে জমির একাংশ ভেঙে অনেক জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে।
শুধু কৃষিজমি নয়, এখন ঝুঁকিতে আছে থাইংখালী-তেলখোলা গ্রামীণ সড়কও। ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন এবং ভারী যানবাহন দিয়ে উত্তোলিত বালু পাচার করার ফলে থাইংখালী-তেলখোলা ৪ কিলোমিটার গ্রামীণ সড়কের একাংশ খালে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই সড়ক দিয়ে তেলখোলা, মোছারখোলাসহ ২০টি গ্রাম ও রোহিঙ্গা ক্যাম্পের হাজার হাজার মানুষ যাতায়াত করেন। গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে।
রবিবার (৮ নভেম্বর) গভীর রাতে বন বিভাগ অভিযান পরিচালনা করে তাজনীমারখোলা খাল থেকে ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করে। এ সময় জয়নাল মেম্বার ও বালু উত্তোলন চক্রের সদস্যরা বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, “তাজিমারখোলা খালে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে বন বিভাগের একটি দল অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিন জব্দ করেছে। বন ও পরিবেশের ক্ষতি করে কাউকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
নিজস্ব প্রতিবেদক 






















