আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজারের মহেশখালী উপজেলার ৮নং কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও মহেশখালীর সন্তান অ্যাডভোকেট রহিম উল্লাহ খান।
শনিবার (৭ নভেম্বর) নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও অনুপ্রেরণাকে পাথেয় করে আসন্ন ৮নং কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৭-এ চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করছেন।
তিনি বলেন, ইসলামের দৃষ্টিতে নেতৃত্ব কোনো ভোগের বিষয় নয়; বরং এটি একটি গুরুদায়িত্ব ও আমানত। পবিত্র কোরআনে আমানত তার হকদারের কাছে পৌঁছে দেওয়া এবং মানুষের মধ্যে ন্যায়বিচার প্রতিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যাডভোকেট রহিম উল্লাহ খান আরও বলেন, জনপ্রতিনিধি হওয়া মানে মানুষের ওপর কর্তৃত্ব করা নয়; বরং মানুষের সেবা করা, বিপদে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের অধিকার রক্ষা করা এবং ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা।
নিজের নির্বাচনী প্রত্যাশা তুলে ধরে তিনি জানান, দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা, দুর্নীতি, অন্যায় ও বৈষম্যমুক্ত সমাজ গঠন এবং অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হবে তাঁর অন্যতম লক্ষ্য।
পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও সামাজিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা এবং জনগণের কাছে জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, মানুষের ইচ্ছার পাশাপাশি মহান আল্লাহর ইচ্ছাই চূড়ান্ত। তাই কোনো অহংকার কিংবা ক্ষমতার মোহ থেকে নয়, বরং মানুষের সেবা করার আন্তরিক নিয়ত নিয়েই তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সবশেষে এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করে অ্যাডভোকেট রহিম উল্লাহ খান বলেন, মহান আল্লাহ যেন তাঁর নিয়তকে বিশুদ্ধ রাখেন, অর্পিত আমানত রক্ষার তাওফিক দেন এবং মানুষের কল্যাণে কাজ করার সুযোগ করে দেন।
নিজস্ব প্রতিবেদক: 























