কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় পিক-আপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে সিএনজি অটোরিকশার চালক এনায়েত উল্লাহ নিহত হয়েছেন এবং নারীসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরুনতলী অংশে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত এনায়েত উল্লাহ রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা কেফায়েত উল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ ভেতরে থাকা ৬ জন যাত্রী গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। সিএনজি চালক এনায়েত উল্লাহকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পালংখালী তাজমান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত বাকি ৫ জনকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য চাকমারকুলস্থ ‘সেভ দ্য চিলড্রেন’ হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন, পালংখালী ৮নং ওয়ার্ডের ফারিরবিল এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে হেলাল উদ্দিন(৩২), কক্সবাজারের রামুর নুরুল আবছার,রুজিনা আক্তার ও মনোয়ারা বেগম। আহত বাকি ১জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আবছার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ ও উদ্ধার করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংবাদ শিরোনাম :
হোয়াইক্যংয়ে ট্রাক-সিএনজি সংঘর্ষে চালক নিহত, নারীসহ আহত ৫
-
নিজস্ব প্রতিবেদক: - আপডেট সময় : ১২:২৬:১২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- 110
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ
























