কক্সবাজারের ঈদগাঁওয়ে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন স্থগিতের নির্দেশনা ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত ৮ অক্টোবরের একটি সরকারি চিঠিতে ৯ অক্টোবর প্রকাশিত সংবাদপত্রের খবরের উল্লেখ থাকায় চিঠিটির তারিখ ও প্রস্তুতপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
সমিতিটির নির্বাচন ১০ অক্টোবর আয়োজনের কথা ছিল। কিন্তু ৮ অক্টোবর স্বাক্ষরিত এক চিঠিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার স্বার্থে ওই দিনের নির্বাচন কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়।
ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিনু মারমার স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে দৈনিক দেশবিদেশ পত্রিকায় ৯ অক্টোবর সংবাদ প্রকাশিত হয়েছে।
এখানেই দেখা দিয়েছে সময়ের হিসাব নিয়ে প্রশ্ন। কারণ, চিঠিটিতে স্বাক্ষরের তারিখ ৮ অক্টোবর হলেও এতে ৯ অক্টোবর প্রকাশিত সংবাদপত্রের খবরের উল্লেখ রয়েছে। অর্থাৎ, চিঠির স্বাক্ষরের তারিখের এক দিন পর প্রকাশিত হওয়ার কথা এমন একটি সংবাদের তথ্য কীভাবে ওই চিঠিতে অন্তর্ভুক্ত হলো, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
এদিকে, বিজ্ঞপ্তিটির তারিখ ও বিষয়বস্তুর এই অসংগতির বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুনায়েদ বলেন, নির্বাচন বানচাল করার জন্য সমিতির কয়েকজন অসাধু ব্যক্তি প্রশাসনকে ভুল বুঝিয়ে তাড়াহুড়ো করে বিজ্ঞপ্তিটি প্রচার করেছেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাত ১টায় ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিনু মারমার বক্তব্য পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক 


















