উখিয়ার সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাতটার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) বাইশফাঁড়ী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ী বিওপির টহল দল সীমান্ত পিলার-৩৬ থেকে আনুমানিক সাড়ে চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টম নামক স্থানে এক বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে গেলে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, বিজিবি কেবল সীমান্ত পাহারাতেই নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে রয়েছে।
জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
নিজস্ব প্রতিবেদক 






















