কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় ছিনতাই প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় গেলো ২৪ ঘন্টায় পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, হত্যা মামলায় গ্রেপ্তারকৃত সাদমান সিহাব (৩০) কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব টেকপাড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে। ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার সাদ্দাম হোসেন (২৩) পেশকার পাড়ার মোঃ সেলিমের ছেলে।
মাদক সংক্রান্ত অপরাধে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর নুনিয়ারছড়া এলাকার মৃত ফজল গনির ছেলে মোঃ আলমগীর (৫২), মোহাম্মদ রিয়াদের স্ত্রী রুমা আক্তার (১৯) ও মোহাম্মদ আলমের স্ত্রী জমিলা খাতুন (২৬)। এছাড়া মাদক সেবনের অভিযোগে ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ তারাবনিয়ার ছড়ার মোঃ বাহাদুর (৪৭), একই ওয়ার্ডের চেয়ারম্যান ঘাটার আবদুর রহিম (২৬) এবং ৯ নম্বর ওয়ার্ডের ঘোনাপাড়ার মোঃ ইউসুফকে (২৪) গ্রেপ্তার করে পুলিশ।
অন্যদিকে ধর্তব্য অপরাধে জড়িত থাকায় মুন্সীগঞ্জ সদর থানার চুড়াইন এলাকার শিবলী হাওলাদার (৪১) ও ঈদগাঁও উপজেলার ভাদীরতলার ছোটন ধরকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 























