উখিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি পুরাতন পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে উখিয়ার পালংখালী উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
ছিনতাইকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রটি ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে পালংখালী উচ্চ বিদ্যালয়ের সামনে কিছু ব্যক্তি ঘোরাফেরা করছে মর্মে উখিয়া থানা পুলিশের কাছে তথ্য আসে। পুলিশ বলছে, তারা ছিনতাই বা অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছিল।
এ সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হবে।
পলাতক অজ্ঞাতনামা আসামিদের শনাক্তকরণ ও গ্রেফতারে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে জানান করে ওসি আতিকুর রহমান আরও জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক: 
























