ঢাকার রেলওয়ে স্টেশন এলাকায় একটি চক্রের হাতে পড়ে ডান পা কেটে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা কিশোর মো. রায়হানের পাশে দাঁড়িয়েছে লোহাগাড়া উপজেলা প্রশাসন।
প্রায় সাত মাস নিখোঁজ থাকার পর বাবার কাছে ফিরে আসা ১২ বছর বয়সী ছেলে মো: রায়হান চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি সাতগড় নয়াপাড়ার দিনমজুর নাজিম উদ্দিনের ছেলে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রায়হানকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তার পুনর্বাসন ও ভবিষ্যৎ জীবনযাপনের জন্য নেওয়া হয়েছে আরও কয়েকটি উদ্যোগ।
উপজেলা প্রশাসন জানিয়েছে, সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে রায়হানের জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হবে। পাশাপাশি চলাচলের সুবিধার্থে তাকে একটি ট্রাইসাইকেল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ১৮ বছর বয়স পর্যন্ত তার পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার উদ্যোগ রয়েছে।
রায়হানের মর্মান্তিক ঘটনা জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজীদ-বিন-আখন্দ বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। একজন শিশুকে এভাবে ডান পা হারাতে হয়েছে বিষয়টি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে। এ ঘটনায় তিনি ব্যথিত।
তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। রায়হান ও তার পরিবার অত্যন্ত অসহায়। তাই তার চিকিৎসা, শিক্ষা, পুনর্বাসন ও ভবিষ্যৎ জীবনযাপনে প্রয়োজনীয় সহায়তা দিতে উপজেলা প্রশাসন পাশে থাকবে।
ইউএনও আরও বলেন, মানবিকতার জায়গা থেকে রায়হানের পাশে দাঁড়িয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পাশাপাশি একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে।
প্রায় সাত মাস আগে বাবার কাছ থেকে ১০০ টাকা নিয়ে চুল কাটাতে বের হওয়ার পর নিখোঁজ হয় রায়হান। পরে দীর্ঘদিন পর চুনতির সীরত মাহফিল এলাকায় তাকে পাওয়া যায়। পরিবারের কাছে ফেরার পর জানা যায়, তার ডান পা কেটে তাকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হয়েছিলো।
লোহাগাড়া প্রতিনিধি: 























