টেকনাফ সীমান্ত সংলগ্ন এলাকা থেকে আবসার উদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের ইসমাইলের ছেলে।
মঙ্গলবার দুপুরে হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার সংলগ্ন বিজিবির সীমান্ত সুইচ গেটের পাশ থেকে টেকনাফ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বিজিবি সুইচ গেট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) ইমন দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) ইমন দত্ত জানান, প্রাথমিক সুরতহালে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 


















