টেকনাফে অভিযান চালিয়ে ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার অন্যতম পলাতক আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন,র্যাব-১৫।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর (২৯) টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী (জুম্মাপাড়া) এলাকার গোড়া মিয়ার ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি র্যাবের আভিযানিক দল জাদিমুড়া এসআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত পাশে ‘এনামুল হক জনির কুলিং কর্নার’-এর সামনে অভিযান চালায়। এ সময় অপহরণ মামলার আসামি জাহাঙ্গীরের উপস্থিতি নিশ্চিত হয়ে তাকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামি গত জুন মাসে ফেনীর ৪ তরুণ অপহরণের ঘটনায় টেকনাফ থানায় দায়েরকৃত মামলার ৮ নম্বর এজাহারনামীয় আসামি।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 
























