কক্সবাজারের বিভিন্ন অভিজাত হোটেল ও রিসোর্ট এলাকায় পুলিশ বক্স স্থাপনের ভুয়া আশ্বাস দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের এক অভিযানে কক্সবাজার পৌরসভার সৈকতপাড়া এলাকা থেকে বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জিয়াবুল হক (৩২)। তিনি চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেলিয়াপাড়ার আকতার কামালের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সৈকতপাড়া এলাকায় বসবাস করছিলেন এবং সেখানে ‘আবরার এন্টারপ্রাইজ’ নামে একটি মোবাইল ব্যাংকিং ও এক্সেসরিজের দোকান পরিচালনা করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়,২৬ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে একটি প্রতারক চক্র কক্সবাজার শহরের সীগাল হোটেল, হোটেল সাম্পান, হোটেল কক্স টুডেসহ বিভিন্ন তারকাখচিত হোটেল ও রিসোর্টে গিয়ে নিজেদের পুলিশ পরিচয় দেয়।
তারা সংশ্লিষ্ট এলাকাগুলোতে স্থায়ী পুলিশ বক্স স্থাপন করা হবে বলে হোটেল কর্তৃপক্ষের কাছে চাঁদা দাবি করে এবং এ অজুহাতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে।
এ ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নম্বর: ১২, তারিখ: ০৫/০৯/২০২৬)। মামলাটির তদন্তের ধারাবাহিকতায় কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে জিয়াবুল হককে গ্রেপ্তার করে।
অভিযানকালে গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি ভিন্ন অ্যাকাউন্টের চেক বই এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এই প্রতারক চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 




















