বিকেলে হাসিমুখে বাড়ি থেকে বের হয়েছিল দুই বোন। কিছুক্ষণ পর সেই বাড়িতেই ফিরল তাদের নিথর দেহ। পুকুরের পানিতে ডুবে অকালে প্রাণ হারিয়েছে ১১ ও ১০ বছরের দুই বোন। মর্মান্তিক এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম কলাউজান বাংলাবাজার প্রাইমারি স্কুলের পূর্ব পাশে একটি পুকুরে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—চুনতি ইউনিয়নের ফারেঙ্গা এলাকার মাওলানা ইউনুছের কন্যা আমেনা আক্তার (১১) ও আয়শা বেগম (১০)। তারা পরিবারের সঙ্গে পশ্চিম কলাউজানের খালাসীপাড়ার ভাড়া বাসায় থাকত।
কলাউজান ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম ভোট্টু জানান, পশ্চিম কলাউজান শাহ্ মজিদিয়া হেফজখানার শিক্ষক হাফেজ ইউনুছ চাকরির সুবাদে পরিবার নিয়ে খালাসীপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।
শনিবার দুপুরের পর দুই বোন বাড়ির অদূরে পাশে একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে ডুবে যায়। দীর্ঘ সময় তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে।
পরে আসরের সময় এক ব্যক্তি ওই পুকুরে গোসল করতে নামলে পানির নিচে তার পায়ে একটি শিশুর দেহ লাগে। বিষয়টি বুঝতে পেরে দ্রুত দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
তবে সেখানে গিয়ে আর শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক ডা. এজাজুল ইসলাম শিহাব জানান, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।তাদের মরদেহ বাড়িতে নিয়ে গেছে।
নিজস্ব প্রতিবেদক 






















