কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক লবণ শ্রমিকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
বুধবার (১৭ জুন) ভোর ৫টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের নাপিতখালীর পেন্ডারপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, লবণ শ্রমিক বাহাদুরের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পেলেও ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল আগুনে পুড়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য ফয়সাল আকবর জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতায় পুরো ঘরটি পুড়ে যায়। পরিবারের সদস্যরা নিরাপদে বের হতে পারলেও কোনো মালামাল রক্ষা করতে পারেননি।
খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে তাদের পৌঁছানোর আগেই বসতঘরটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে মানবেতর অবস্থায় পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। তারা সরকারি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।
পেকুয়া প্রতিনিধি: 

























