মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) উপজেলা হল রুমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে ২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক ইকবাল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এসএম রুবেল পেয়েছেন ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আজিজ সিকদার, সাংগঠনিক সম্পাদক পদে ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন একে রিফাত, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাইছারুল ইসলাম পেয়ছেন ১২ ভোট। বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে আবু বক্কর ছিদ্দিক, দপ্তর সম্পাদক পদে সুব্রত আপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজবাহ উদ্দীন আরজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এই নির্বাচন আলাদা আমেজ সৃষ্টি করেছিল। পেশাদার সাংবাদিকদের সংগঠন উপজেলা প্রেসক্লাবের এই নির্বাচন ঘিরে গত কয়েকদিন থেকে প্রার্থী, ভোটার, সমর্থকদের মধ্যে আলোচনা চলে আসছিল। কে হতে যাচ্ছেন আগামী ২ বছরের জন্য মহেশখালী উপজেলা প্রেসক্লাবের কান্ডারি এ— নিয়ে চলছিল আলোচনা। এ উপলক্ষ্য রঙিন ব্যানার পেস্টুনে সেজেছিল মহেশখালী উপজেলা প্রাঙ্গণ। ভোটার ও সমর্থকরা সকাল থেকেই এসে কেন্দ্রে ভিড় জমান।
অবশেষে নির্বাচন পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হুমায়ুন কবির আজাদ ফলাফল ঘোষণা করেন। পরে বিজয়ী এবং পরাজিত প্রার্থীদের একে অপরের কোলাকুলি আর ভ্রাতৃত্বপূর্ণ আয়োজনের মাধ্যমে এই নির্বাচন শেষ হয়। ফুলের মালায় বিজয়ীদের অভিনন্দন জানান স্বয়ং স্বপদে পরাজিত হওয়া প্রার্থীরা। এমন সৌহার্দপূর্ণ শৃঙ্খলার প্রতিযোগিতা উপস্থিত জনসাধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সুনাম কুড়িয়েছে। নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মহেশখালীর বস্তুনিষ্ঠ সংবাদ তুলে আনার প্রত্যাশা রাখছেন পাঠকমহল।
নিজস্ব প্রতিবেদক 





















