সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১৯ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
মিয়ানমারে অবৈধভাবে পাচারের সময় দুটি ইঞ্জিনচালিত বোট এবং ১ হাজার ১৪০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) গভীর সমুদ্রে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘প্রত্যাশা’ এই বিশেষ অভিযান পরিচালনা করে।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পণ্য পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করা হয়। অভিযান চলাকালীন সেন্টমার্টিন বাতিঘর থেকে প্রায় ৩৮ মাইল দূরে দুটি সন্দেহজনক বোট দেখতে পায় নৌবাহিনী। বোট দুটিকে থামার সংকেত দেওয়া হলেও তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘এফবি সীমান্ত’ ও ‘এফবি সুরভি’ নামক বোট দুটিকে আটক করা হয়।
এসময় তল্লাশি চালিয়ে বোট দুটি থেকে ১১৪০ বস্তা সিমেন্ট, ২৫০ কেজি ডাল ও ছোলা, ১৬০ কেজি আদা,৩৬০ বোতল এনার্জি ড্রিংক জব্দ করা হয়।
জব্দকৃত মালামাল এবং আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক: 
























