কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরি তিনটি ছুরিসহ মোঃ হোছন (২৮) নামে এক শীর্ষ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলীর ছাত্তার ঘোনা পাহাড়ের পাদদেশে এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই মিঠুন পালিত রাত্রিকালীন মোবাইল ডিউটি পালনকালে খবর পান যে পাহাড়তলী এলাকায় একদল ছিনতাইকারী অপরাধ সংগঠনের উদ্দেশ্যে সমবেত হয়েছে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক সোমেন কুমার বড়ুয়া, এসআই রিয়াদসহ একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মাটিয়াতলী সড়কের মৃত ছাবের আহমদের ছেলে মোঃ হোছনকে আটক করা হয়। তবে তার সাথে থাকা আরও ৪-৫ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী পালিয়ে যায়।
পরবর্তীতে ফেলে যাওয়া দেশীয় লোহার তৈরি তিনটি ছুরি উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 
















