চুরি, ছিনতাই, মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কক্সবাজার শহর ও বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
পুলিশের দাবি, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে চোর-ছিনতাইকারী, মাদকসেবী, ধর্তব্য অপরাধে জড়িত এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।
সদর মডেল থানা সূত্রে জানা গেছে, অভিযানে চোর ও ছিনতাইকারী হিসেবে ২ জন, মাদকসেবী হিসেবে ৫ জন এবং ধর্তব্য অপরাধে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, চোর ও ছিনতাইকারী হিসেবে গ্রেপ্তার দুজন হলেন—কক্সবাজার পৌরসভার মোহাজেরপাড়া এলাকার শহিদুল ইসলাম খোকন (২১) এবং ঘোনারপাড়া এলাকার মোহাম্মদ আরিফ (৩২)।
মাদকসেবী হিসেবে গ্রেপ্তার পাঁচজন হলেন-আবিদ হাসান ঈশান (২১), সাইফুল ইসলাম (২৩), তামিদুল ইসলাম (২৮), আরিফুল ইসলাম (১৯) ও আবু সাইদ।
ধর্তব্য অপরাধে গ্রেপ্তার আটজন হলেন-পন ধর (৫০), নুনু দাস (৩৫), ছোটন দে (৩৫), মো. তারেক (২৩), মনির হোসেন (৪০), আবদুল্লাহ (২৮), আজিজুর রহমান (৩৫) ও শ্রী লিটন দেব শর্মা (৩২)।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মো. ইকবাল হোসেন ও মো. এহসান উল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের ভাষ্য, কক্সবাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান চালানো হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক: 





















