কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার পথে উড্ডয়নের পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজের পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি।
এ ঘটনায় বিমানবন্দরের রানওয়ে প্রায় ৩০ মিনিট বন্ধ রাখা হয়। তবে উড়োজাহাজে থাকা সব যাত্রী ও ক্রু নিরাপদ রয়েছেন।
বিমানবন্দর ও এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) সূত্রে জানা গেছে, শনিবার (১০ অক্টোবর) কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৪৩৬-এর উড়োজাহাজটির একটি চাকা উড্ডয়নের পরপরই বিচ্ছিন্ন হয়ে যায়। উড়োজাহাজটির মডেল ড্যাশ-৮ কিউ ৪০০ এবং নিবন্ধন নম্বর এস২-একেই।
চাকা বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে পেরে পাইলট ঢাকার টাওয়ারে জরুরি বার্তা পাঠান।
জরুরি অবতরণের আগে উড়োজাহাজটির জ্বালানি কমিয়ে ওজন হ্রাসের জন্য পাইলটকে আকাশে কিছুক্ষণ চক্কর দিতে হয়। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ার এলাকার আকাশে কয়েকবার চক্কর দেয়। এ সময় এটি প্রায় ৬ হাজার ১০০ ফুট উচ্চতায় ঘণ্টায় ১৮৮ নট গতিতে উড়ছিল।
এদিকে উড়োজাহাজটির নিরাপদ অবতরণ নিশ্চিত করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি প্রস্তুতি নেওয়া হয়। সম্ভাব্য দুর্ঘটনা মোকাবেলায় রানওয়েতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুল্যান্সসহ উদ্ধার ও জরুরি সেবার দল প্রস্তুত রাখা হয়। একই সঙ্গে রানওয়েতে অন্য উড়োজাহাজের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
ঢাকা টাওয়ারের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রানওয়ে বন্ধ ছিল। এ সময় বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়।
পরে পাইলট উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করান। বিমান কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো যাত্রী বা ক্রু আহত হননি।
নিজস্ব প্রতিবেদক 



















